সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৫টি হত্যা মামলা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলা হয়েছে।
এ ছাড়া একটি হত্যা চেষ্টার মামলা হয়েছে। আদালত ৪টি হত্যা মামলার আবেদন যাত্রাবাড়ী থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া অপর দুটি মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত।
যাত্রাবাড়ী থানার সামনে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালনকালে সাইফ আরাফাত শরীফকে হত্যার অভিযোগে তার মা মোসা. মরিয়ম ৯৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে আছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু। সাইদুল ইসলাম ইয়াসিন হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৩ জনকে আসামি করে মামলা করেন তার মা শিল্পী আক্তার। গুলিতে ওবায়দুল ইসলামকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৫৮ জনকে আসামি করে মামলা করেন নিহতের স্বজন মো. আলী। এ মামলায় উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে আছেন আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, রমেশ চন্দ্র সেন, দ্রৌপদি আগরওয়ালা, আছাদুজ্জামান, হারুন-অর-রশীদ।