বাংলা নববর্ষ বাঙালি জাতির প্রাণের উৎসব। এই উৎসবকে ঘিরে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের মাঝে যেমন আনন্দের জোয়ার বইছে, তেমনি ব্যতিক্রম নয় দেশের কারাগারগুলোও। বাংলা ১৪৩২ সনের প্রথম দিন, পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ কারা অধিদপ্তর দেশজুড়ে আয়োজন করেছে হৃদয়ছোঁয়া ও বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।
কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনের নেতৃত্ব ও তত্ত্বাবধানে দেশের কেন্দ্রীয় ও প্রতিটা জেলা কারাগারে সকাল ৯টায় একযোগে আয়োজন করা হয় বর্ষবরণ ও পহেলা বৈশাখের শোভাযাত্রা। বন্দি, কারা কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এই শোভাযাত্রা কারাগার প্রাঙ্গণকে পরিণত করে এক উৎসবমুখর মিলনমেলায়।
কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে পহেলা বৈশাখের আয়োজন নির্বিঘ্ন করতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কারাগারগুলো ফেস্টুন, রঙিন কাপড়, আলোকসজ্জা ও বিভিন্ন লোকজ উপাদান দিয়ে সাজানো হয়, যাতে তৈরি হয় একটি পূর্ণাঙ্গ উৎসব পরিবেশ।