লোহিত ও আরব সাগরে তিনটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

আন্তর্জাতিক ডেস্ক,
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেছেন, ইসরাইলি বন্দরের উদ্দেশে যাত্রা করছিল জাহাজগুলো। এজন্য তাদের ওপর হামলা করা হয়।
এলএসইজি থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, হুতিদের হামলার শিকার তিনটি জাহাজই ছিল লাইবেরিয়ায় নিবন্ধিত।
হামলার শিকার জাহাজগুলোর মধ্যে একটির নাম ‘মোতারো’ বলে জানিয়ছে হুতিরা। লোহিত সাগরে ইয়েমেনের পশ্চিম উপকূলে জাহাজটিকে সর্বশেষ দেখা গেছে। আর ‘এসসি মন্ট্রিল’ নামের আরেক জাহাজ, সেইচেলেসের পোর্ট ভিক্টোরিয়া থেকে ওমানের সালালাহ যাওয়ার সময় আরব সাগরে হুতিদের টার্গেট হয় বলে জানা গিয়েছে। তৃতীয় জাহাজটি ছিল ‘মায়েরস্ক কাউলুন’। এটি পশ্চিম ভারত মহাসাগর থেকে সালালাহ যাওয়ার পথে হুতিদের হামলার শিকার হয়।
ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে জানিয়েছে, ইয়েমেনের আল ধুবাব থেকে ১৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি বাণিজ্যিক জাহাজ দুটি বিস্ফোরণ হয়েছে।
গত বছরের অক্টোবরে গাজায় ইসরাইলি হামলা শুরুর পর থেকেই ইসরাইলগামী জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা। গাজা ও লেবাননে দখলদার ইসরাইলি বাহিনীর আগ্রাসন বন্ধ করার আগ পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে এ বিদ্রোহী গোষ্ঠী।