কিছু সংবাদ মাধ্যমে হামলার হুমকি রয়েছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার কোনোভাবেই গণমাধ্যমের ওপর আক্রমণ বরদাশত করবে না।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, সরকার কোনোভাবে গণমাধ্যমের উওপর কোনো হামলা, আক্রমণ বরদাশত করবে না। একইসঙ্গে গণমাধ্যমের প্রতি অনুরোধ, যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন তাই ছাত্রলীগের প্রচার প্রসারে যেন তারা ভূমিকা না রাখে।
ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমে লাগাম টানা সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করার অর্থ হলো ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমে লাগাম টানা।
তিনি বলেন, যত রকমের ছাত্র আন্দোলন হয়েছে, সব ক্ষেত্রেই ছাত্রলীগকে সন্ত্রাসী ভূমিকায় দেখেছি। ছাত্রলীগকে সন্ত্রাসী কায়দায় আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছে। জুলাই গণহত্যার পরেও তারা যে থেমে গেছে তা কিন্তু না। জননিরাপত্তা বিঘ্নিত করতে নানা ঘটনা ঘটিয়েছে তারা। তাই নিষিদ্ধ করেছি আমরা।
রিজওয়ানা হাসান আরও বলেন, ‘পুলিশের মধ্যে এখনো এক ধরনের নির্লিপ্ততা আছে। তবে আমরা পুলিশকে আশ্বস্ত করতে চাই, যারা দোষী না তারা যথাযথভাবে তাদের কাজ করতে পারবেন।’