মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ হামলাকে ‘জাতিসংঘ সনদের লঙ্ঘন’ এবং ‘সার্বভৌমত্বের বিরুদ্ধে উসকানিমূলক আক্রমণ’ হিসেবে অভিহিত করেছেন।
আল জাজিরার বরাতে জানা গেছে, পিয়ংইয়ং-এর পক্ষ থেকে বলা হয়েছে, “ইসরাইলের লাগাতার আগ্রাসন এবং আঞ্চলিক আধিপত্যের চেষ্টা মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মূল কারণ। পশ্চিমা বিশ্বের নীরব সমর্থন এই পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে।”
উত্তর কোরিয়ার মুখপাত্রের ভাষায়, “এই হামলা ইরানের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার ওপর সরাসরি হুমকি। আমরা এ ধরনের একপাক্ষিক সামরিক পদক্ষেপের নিন্দা জানাই এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানাতে আহ্বান জানাচ্ছি।”
বিশ্লেষকদের মতে, ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সখ্য রয়েছে। সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশের মধ্যে সম্পর্ক রয়েছে বলে আন্তর্জাতিক মহলে গুঞ্জন রয়েছে।
উত্তর কোরিয়ার এই কড়া প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।