ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

Reporter Name / ৭ Time View
Update Time : সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস। দীর্ঘ বিরতির পর একই দিন থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও শেয়ারবাজারও।

গত ২৫ মে থেকে শুরু হওয়া ঈদের ছুটির ধারাবাহিকতায় চাকরিজীবীরা টানা অবকাশ উপভোগ করছেন। নির্ধারিত ছুটি শেষে রোববার শেষদিনের বিশ্রাম কাটিয়ে সোমবার থেকে কর্মব্যস্ততায় ফিরবেন তারা।

ছুটি শেষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, ব্যাংক-বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারে নিয়মিত কার্যক্রম শুরু হবে। ঈদের আগে সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা থাকলেও সোমবার থেকে দেশের সব ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে।এদিকে ঈদের ছুটির শেষের দিন রোববার সকালে রাজধানী ও আশপাশের এলাকাগুলো ফাঁকা দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দিন ঘনিয়ে এলে কর্মমুখী মানুষ এলাকা ছেড়ে ঢাকায় আসবেন। এতে করে সোমবার সকাল থেকে রাজধানীতে কিছুটা ভিড় বাড়তে পারে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রতি বছরের মতো এবারও ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মব্যস্ততা তুলনামূলক কম থাকতে পারে। অনেক কর্মী সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সময় পার করেন এবং অনেক প্রতিষ্ঠানও প্রথম দিন সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করে।

ব্যাংকপাড়ায়ও প্রথম কর্মদিবসে সাধারণত জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনের চাপ কম থাকে। তবে ছুটির পর জমে থাকা বিভিন্ন আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম দ্রুত নিষ্পত্তির জন্য সপ্তাহজুড়ে ব্যস্ততা বাড়তে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রথম কর্মদিবসে ভিড় না থাকলেও মঙ্গলবার থেকে অফিস, আদালতসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ পুরোদমে শুরু হবে। এতে করে রাজধানীমুখী মানুষের চাপ থাকায় সোমবার বিকেলে অথবা মঙ্গলবার সকাল থেকে ঢাকায় মানুষের জীবনযাত্রা আগেরমত হয়ে যেতে পারে। সারা দেশের প্রশাসনিক, আর্থিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *