
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তালেবুর রহমান জানান, মমতাজ বেগম দীর্ঘদিন ধরে ওই বাসায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলাও আছে বলে জানা গেছে।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে অংশ নেন মমতাজ। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি। সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নির্বাচনে পরাজয়ের পর মমতাজ নিজ এলাকায় তেমন সক্রিয় ছিলেন না। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
এর আগে ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে পরপর দুইবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।