দেশে আবারও করোনাভাইরাসে মৃত্যুর খবর এসেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। এতে চলতি বছরে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৯ জনে।
সোমবার, ২৩ জুন, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪০৬টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪.৬৮ শতাংশ, যা আগের দিনের ৫.৮০ শতাংশ থেকে কিছুটা কম।
নতুন করে মৃতদের মধ্যে দু’জন চট্টগ্রাম বিভাগ এবং একজন ঢাকা বিভাগের বাসিন্দা। বয়স অনুযায়ী দেখা গেছে, তিন জনেরই বয়স ষাট বছরের ওপরে। তাদের মধ্যে একজন পুরুষ, বাকি দু’জন নারী। চলতি বছর এ পর্যন্ত মোট ৮ জন পুরুষ এবং ১১ জন নারী করোনায় প্রাণ হারিয়েছেন।
নতুন আক্রান্ত ১৯ জনকে যুক্ত করে দেশে মোট করোনা রোগীর সংখ্যা এখন ২০,৫১,৯৯৭ জন। মৃত্যুর মোট সংখ্যা পৌঁছেছে ২৯,৫১৮ জনে।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় ৩৬ জন আক্রান্ত এবং ৫ জন মারা গেছেন। সে তুলনায় আজকের সংক্রমণ কিছুটা কম, তবে মৃত্যু হার এখনও উদ্বেগজনক।