ঢাকা, ২১ জুন — ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইআইইউ) শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও সড়ক অবরোধ প্রসঙ্গে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার দুপুরে দেওয়া বিবৃতিতে ডিএমপি জানিয়েছে, শিক্ষার্থীদের একটি অংশের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর নতুনবাজার মোড়ে ৩০-৪০ জন শিক্ষার্থী অবস্থান নেন এবং বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেন। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে।
ডিএমপির ভাষ্য অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা শুরু থেকেই শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। কিন্তু বারবার অনুরোধ সত্ত্বেও তারা রাস্তা ছাড়েননি, ফলে সাধারণ জনগণের দুর্ভোগ কমাতে পুলিশ সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। কিছু সময়ের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সকাল ১০টা ৪৫ মিনিটে শিক্ষার্থীরা আবারও সড়কে ফিরে এসে কর্মসূচি চালিয়ে যান। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ডিএমপি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে এবং বলপ্রয়োগ ছাড়াই আলোচনা-ভিত্তিক সমাধানের দিকে অগ্রসর হওয়া হচ্ছে। তবুও, কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে ঘিরে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানো হচ্ছে, যা জনমনে ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে।
ডিএমপির অনুরোধ—ঘটনা সম্পর্কে অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে, সকল পক্ষ যেন দায়িত্বশীল আচরণ করে। সংস্থাটি জানিয়েছে, বাড্ডা-কুড়িল সড়কের এক পাশ দিয়ে যান চলাচল সীমিত আকারে চলমান রয়েছে।