প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি নির্ধারিত সময়েই জানানো হবে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন আয়োজনের জন্য সরকারের সক্রিয় সহায়তা অপরিহার্য।
শনিবার (২১ জুন) সকালে অনুষ্ঠিত এক নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব মন্তব্য করেন। সকাল ৯টা ৩০ মিনিটে প্রশিক্ষণটির সূচনা হয়।
নির্বাচনের সময়সূচি নিয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, “সবকিছু সঠিক সময়ে হবে। নির্ধারিত সময়ে নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করবে। আমরা কোনো কিছু গোপনে করছি না। আমাদের নিজস্ব একটি কর্মপরিকল্পনা রয়েছে। অনেকেই যাকে রোডম্যাপ বলেন, তবে আমি সেটাকে কর্মপরিকল্পনা বলেই উল্লেখ করছি।”
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন একটি বিশাল আয়োজন, একে কেন্দ্র করে পরিকল্পনা অবশ্যই থাকতে হয়। এই কর্মপরিকল্পনা সময়ের প্রয়োজনে পরিবর্তনযোগ্য। কোনো কারণে নির্দিষ্ট সময় ঠিক না থাকলে এক-দুই দিন পরিবর্তন হতেও পারে।”
নির্বাচন আয়োজনে সরকারের গুরুত্ব প্রসঙ্গে সিইসি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে মাঠপর্যায়ের প্রশাসন—সবই সরকারি ব্যবস্থাপনার অধীন। কাজেই সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন বাস্তবায়ন সম্ভব নয়। যতই কমিশন স্বাধীন হোক না কেন, বাস্তবতার নিরিখে সরকারের সঙ্গে সমন্বয় করেই আমাদের নির্বাচন পরিচালনা করতে হয়।”
নির্বাচন সামনে রেখে আচরণবিধি ও নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানান নাসির উদ্দীন। তিনি বলেন, “আচরণবিধির খসড়া প্রস্তুত করা হচ্ছে এবং বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করা হবে।”
মাঠপর্যায়ের অভিজ্ঞ কর্মকর্তাদের প্রশিক্ষণকে গুরুত্ব দিয়ে সিইসি বলেন, “ওনারা মাঠে কাজ করেন, তাই তাদের অভিজ্ঞতা ও মতামত আমাদের জন্য মূল্যবান। আলোচনা করে যেটা যৌক্তিক মনে হবে, সেটাই আমরা গ্রহণ করব।”
তিনি আরও জানান, নির্বাচন প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করতে আঞ্চলিক পর্যায়ে প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ ও ইসি সচিব আখতার আহমেদও বক্তব্য দেন।