গাজীপুরের শ্রীপুরে এক এটিএম বুথের ভেতরে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বুথের নিরাপত্তাকর্মী মো. লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) রাতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক এই তথ্য নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার (১৭ জুন) লিটনকে আদালতে হাজির করা হবে।
গ্রেপ্তারকৃত মো. লিটন শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের আতাবুদ্দিন মুসার বাড়িতে ভাড়া থাকতেন। তিনি তালহা স্পিনিং মিল সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর স্বজনদের সূত্রে জানা যায়, এটিএম বুথ থেকে টাকা তোলার সূত্রে লিটনের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর পরিচয় হয়। কিশোরীটি স্থানীয় একটি কারখানায় ৬ হাজার টাকা বেতনে কাজ করত। লিটন তাকে তালহা স্পিনিং মিলে ১২ হাজার টাকা বেতনে চাকরির প্রলোভন দেখায়।
গত রোববার (১৫ জুন) সকাল ৬টায় লিটন ভুক্তভোগীর বাবার মোবাইলে ফোন করে কিশোরীকে এটিএম বুথে ডেকে নেয়। বুথে পৌঁছানোর পর লিটন কিশোরীকে জানায় যে, কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন। এই বলে সে কিশোরীকে বুথের ভেতরে থাকা একটি ছোট কক্ষে বসায়।
কিশোরীর বাবা মেয়ের চাকরির বিষয়ে দুবার ফোন করে জানতে চাইলে লিটন তাকে মেয়ের চাকরির চিন্তা না করতে বলে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর, আনুমানিক সকাল ১০টার দিকে লিটন এটিএম বুথের ভেতরের সেই কক্ষে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে।
ধর্ষণের পর লিটন কিশোরীকে বাড়িতে পাঠিয়ে দেয়। পথেই কিশোরী তার বাবাকে ঘটনাটি জানায়। এরপরই আইনি পদক্ষেপ নেওয়া হয় এবং লিটনকে গ্রেপ্তার করা হয়।