ফেনীতে অতিভারী বর্ষণে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। এখানে গত ২৪ ঘণ্টায় দেশের সব্বোর্চ ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এ ছাড়া চলতি মৌসুমে জেলায় ও এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে মারাত্মক বিপর্যয়। বিশেষ করে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ, অফিসগামী লোকজন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিপাকে পড়েছে।
সরেজমিন ঘুরে মঙ্গলবার (০৮ জুলাই) দেখা যায়, সোমবার থেকে টানা বর্ষণে ফেনী শহরের ডাক্তার পাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, রামপুর, পাঠানবাড়ি, একাডেমি, নাজির রোড, হাসপাতাল মোড়, পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সকাল থেকে সড়কে চলাচলে চরম দুর্ভোগে পড়েন শহরবাসী। কোথাও কোথাও কোমর সমান পানি কোথাও হাটু সমান পানি দেখা যায়।
শহরের লালপোল থেকে সালা উদ্দিন মোড় রাস্তা ছাড়া প্রায় সকল রাস্তা পানিতে নিমজ্জিত রয়েছে। শহরের বিভিন্ন বাসা বাড়ির নিচ তলায় পানি উঠে গিয়ে মারাত্মক কষ্ট ভোগ করতে হচ্ছে বাসিন্দাদের। অনেকে বন্যা আক্রান্তের মত অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়া অতি বৃষ্টির কারণে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
শহরের ডানহাম গলির বাসিন্দা রৌশন আরা বেগম কালবেলাকে জানান, মঙ্গলবার সকাল থেকে অবিরাম বর্ষণে আমার নিচ তলার বাসায় পানি উঠে যায়। এতে নিত্য ব্যবহার্য জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে। আসবাবপত্র নিয়ে এক আত্নীয়ের বাসায় চলে যাচ্ছি।